১১-দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
সভায় তিনি বলেন, ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান।
১১-দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা এবং রংপুর জিলা স্কুলে সমাপনী সমাবেশের কর্মসূচি রয়েছে।
প্রস্তুতি সভায় নেতারা জানান, লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে ঘোষিত সাত দফা দাবির বিষয়েও আলোচনা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ করা।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed