বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ ও ডিজাবিলিটি রাইটস বাংলাদেশ (ডিআরবি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডিজাবিলিটি রাইটস বাংলাদেশ (ডিআরবি)-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার আর্ট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ ও স্বাধীনভাবে চলাচলের সুযোগ নিশ্চিত করা, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সমাজের সব ক্ষেত্রে অন্তর্ভুক্তি বাড়ানোর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য ও ডিআরবির সভাপতি মির্জা রাইসুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. শাহীনুর রহমান।
এতে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডিআরবির উপদেষ্টাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজনটির মূল লক্ষ্য ছিল দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার, স্বাধীনতা ও সামাজিক মর্যাদা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। সাদা ছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। নিরাপদ চলাচলের পরিবেশ, প্রবেশগম্য অবকাঠামো এবং মানুষের সহযোগিতামূলক মনোভাব তাদের স্বনির্ভর জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবহনব্যবস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।
নিউজ প্রতিনিধি: ঢাকা
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed