বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৭ সালের নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালের নববর্ষের প্রকাশনায় মুসলিম ঐতিহ্য, ইতিহাস, সমাজসচেতনতা ও দৈনন্দিন ব্যবহারিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকাশনাসামগ্রীর মধ্যে রয়েছে বাংলা ও ইংরেজি ডায়েরি, পকেট ও মাঝারি আকারের ডায়েরি, নোটবুক, ইয়ার প্ল্যানার এবং বিভিন্ন ধরনের ক্যালেন্ডার।
প্রকাশনার বিশেষ আকর্ষণ হিসেবে বাংলা ডায়েরির প্রচ্ছদে টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদের মুঘল স্থাপত্যশৈলীর টেরাকোটা অলংকরণের আদল তুলে ধরা হয়েছে। পাশাপাশি ডায়েরিতে বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও সমকালীন বইয়ের পরিচিতি সংযোজন করা হয়েছে।
এ ছাড়া ডেস্ক ক্যালেন্ডারে আয়া সোফিয়া, কর্ডোভা ও মসজিদে কুবাসহ ১২টি ঐতিহাসিক মসজিদের সচিত্র পরিচিতি স্থান পেয়েছে।
প্রকাশনার অন্যতম উল্লেখযোগ্য সংযোজন গবেষণাভিত্তিক ‘তিন পাতা ক্যালেন্ডার’। এতে বাংলাদেশের ভূ-রাজনীতি, সীমান্ত নিরাপত্তা, নদীর পানির হিস্যা, বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব ও সুনীল অর্থনীতি, মুসলিম পরিচয়ের ঐতিহাসিক শিকড় এবং তথ্যের সার্বভৌমত্বের মতো বিষয় তুলে ধরা হয়েছে।
শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় সহায়তার জন্য মাসিক ও দৈনিক রুটিনের ছকসহ ইয়ার প্ল্যানার, লেদার ও জেল বাইন্ডিংয়ের ডায়েরি এবং সূরা ইব্রাহিমের আয়াতের ক্যালিগ্রাফি সংবলিত এক পাতা ক্যালেন্ডারও প্রকাশনায় যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম ফরহাদ এবং সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে ২০২৭ সালের প্রকাশনাসামগ্রীর বিভিন্ন দিক তুলে ধরা হয়। শিক্ষার্থীদের পাঠাভ্যাস, ইতিহাসচর্চা, সচেতনতা ও সময় ব্যবস্থাপনায় এসব প্রকাশনা ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
নিউজ: ঢাকা প্রতিনিধি সংযোগ বাংলা টিভি সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed