পাবনা প্রতিনিধি:
আব্দুস শুকুর | সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
“দীপ্ত শপথ হাতে হাত, কাবেরা আনবে রাঙা প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা সদর উপজেলার আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, পাবনা জেলার সভাপতি ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কাব সদস্যরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। এতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের শৃঙ্খলা, সৃজনশীলতা ও দলগত কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম কাব সদস্যদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য, সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক এবং নেতৃত্বের গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীরসহ বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাব সদস্য হুজাইফা খান ও রুবাইয়া ফেরদৌস নূরী।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, পাবনা জেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কাব সদস্য এবারের ক্যাম্পুরিতে অংশ নিচ্ছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে শিশুদের শৃঙ্খলা, নেতৃত্বের দক্ষতা, পারস্পরিক সহযোগিতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন শিক্ষণীয় কার্যক্রম পরিচালিত হবে।
আয়োজকদের আশা, এমন ক্যাম্পুরির মাধ্যমে শিশুদের মধ্যে স্কাউটিংয়ের চেতনা, দায়িত্ববোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে এবং তারা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।
