“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি গড়ে তুলতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাবনা শহরের বনমালী ইনস্টিটিউট কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর নজরুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন, পেশাগত দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম, দক্ষতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাজীবনের শুরু থেকেই সঠিক পরিকল্পনা, জ্ঞানচর্চা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন—এমন প্রত্যাশা আয়োজকদের।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
