সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় একটি নান্দনিক পার্ক নির্মাণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল।
বৈঠক সূত্রে জানা গেছে, পুরোনো কারাগারের জায়গাটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে সেখানে নান্দনিক পার্ক নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই স্থানে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, জায়গাটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা বা প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। নাগরিকদের বিনোদন, হাঁটাচলা ও জনকল্যাণমূলক ব্যবহারের বিষয়টি গুরুত্ব পাবে।
এদিকে পুরোনো কারাগারে থাকা বন্দীদের বাদাঘাটে অবস্থিত কারাগারে স্থানান্তরের বিষয়েও পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, বন্দীদের স্থানান্তরের পর পার্ক ও জাদুঘর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, পুরোনো কারাগারের জায়গায় নান্দনিক পার্ক নির্মাণ নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। এর মাধ্যমে সিলেট নগরীতে একটি উন্মুক্ত সবুজ পরিসর তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
নিউজ সিলেট প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
