গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
সিলেট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট অঞ্চল আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সিলেট নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে সংগঠনের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না করে তাদের কথা শুনতে হবে এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় শিক্ষাশিবিরে সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নায়েবে আমীর, সেক্রেটারি এবং কর্মপরিষদ সদস্যরা অংশ নেন।
ত্যাগ, ধৈর্য ও সাংগঠনিক শৃঙ্খলার ওপর গুরুত্ব
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ, ধৈর্য ও অবিচলতার বিকল্প নেই। দলের নেতাদের ত্যাগ ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে নৈতিক শুদ্ধতা, ঈমানি দৃঢ়তা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আগে থেকেই পরিকল্পিত কৌশল নির্ধারণ করতে হবে। এলাকার মানুষের চাহিদা, সমস্যা ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে নির্বাচনী কার্যক্রম সাজাতে হবে। প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, সততা ও জনসম্পৃক্ততা তুলে ধরার পাশাপাশি কর্মীদের মধ্যে সমন্বয়, দায়িত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ঘরে ঘরে মতবিনিময় এবং স্থানীয় সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের উদ্যোগ নিতে হবে।
অন্যান্য নেতার বক্তব্য
শিক্ষাশিবিরে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতারা।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চা গুরুত্বপূর্ণ। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে জবাবদিহিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানুষের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মাধ্যমে দায়িত্বশীলদের নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
নিউজ: সিলেট প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
