বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন, নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ, জ্বালানি ইস্যু এবং সংসদীয় কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইউএনডিপি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় সংসদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের সম্পৃক্ততার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায়ও ইউএনডিপি অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাতে বিগত সরকারের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অর্থ পাচারের অভিযোগের বিষয়গুলো তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্ত প্রতিবেদনে ওই সময়ের পরিস্থিতির চিত্র উঠে এসেছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থানের কারণে দেশের অর্থনীতি ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ বাড়ছে। এ সংকট মোকাবিলায় প্রতিকূলতার কথা উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে ইউএনডিপির সহযোগিতা কামনা করেন।
জবাবে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পর্ক সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও ইউএনডিপি কাজ করে যাচ্ছে।
তিনি জানান, জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা দিতে ইউএনডিপি প্রস্তুত। পাশাপাশি সংসদ সদস্যদের মাধ্যমে লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং ই-পার্লামেন্ট কার্যক্রম চালুর বিষয়েও সংস্থাটির আগ্রহ রয়েছে।
নারী সংসদ সদস্যদের ভূমিকা ও আন্তর্জাতিক সহযোগিতা
স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন বিলের আলোচনায় নিজেদের মতামত তুলে ধরছেন। নারী সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ ও নিজ নিজ ক্ষেত্রে তাঁদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
এ সময় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে পরবর্তী চার বছরের জন্য নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির নির্বাচনের বিষয়টিও উল্লেখ করা হয়।
সাক্ষাৎকালে বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের জন্য বিভিন্ন কর্মসূচি এবং জ্বালানি ইস্যু নিয়েও মতবিনিময় হয়।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ইউএনডিপি ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ: ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
গণমাধ্যম
চাকুরী
জাতীয়
ঢাকা
প্রবাসের খবর
ফেসবুক নিউজ
রাজনীতি
সর্বশেষ
সারাদেশ
স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ, আলোচনায় সংসদীয় গণতন্ত্র ও রোহিঙ্গা প্রত্যাবাসনঢাকা প্রতিনিধি | ১৪ অক্টোবর ২০২৬
