পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী এলাকায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত শিশুরা হলো—গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়েছিল। একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে খোঁচা দিলে ভিমরুলের দল তাদের ওপর আক্রমণ করে। এতে তারা গুরুতর আহত হয়।
শিশুদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুই শিশুর মৃত্যু হয়। বিষয়টি আতাইকুলা থানার ওসি মজিবর রহমান নিশ্চিত করেছেন।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় গয়েশবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
ঘটনাটি শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তাও সামনে এনেছে। বিশেষ করে বসতবাড়ির আশপাশে ভিমরুল বা অন্যান্য বিষাক্ত কীটপতঙ্গের বাসা দেখা গেলে শিশুদের সেখান থেকে দূরে রাখা এবং প্রয়োজন হলে স্থানীয়ভাবে নিরাপদ ব্যবস্থা নেওয়া জরুরি।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
