পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলি হত্যা মামলার আসামি মোস্তফা প্রামাণিকের বাড়িতে এলাকাবাসী ভাঙচুর চালিয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
শিশু কলি হত্যাকাণ্ডের ঘটনায় মোস্তফা প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় কামরুন্নাহার কলি। নিখোঁজের সাত দিন পর গত ১৬ সেপ্টেম্বর সকালে তার বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মোস্তফার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ভাঙচুরের ঘটনায় কারা জড়িত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, কলি হত্যা মামলায় মোস্তফা প্রামাণিকসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হচ্ছে।
এদিকে স্থানীয়দের দাবি, শিশু কলি হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
আইন নিজের হাতে তুলে না নিয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed