ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সচিবালয়ের শূন্যপদ পূরণ, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মোঃ সেলিম রেজা, মোঃ মাহবুবুল আলম ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। এ ছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান) সভায় উপস্থিত ছিলেন।
১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের সুপারিশ
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদগুলোর মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির একটি—মোট ১৬টি পদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে পত্র পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তির সিদ্ধান্ত
সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট শূন্যপদগুলোতে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগ নিয়ে আলোচনা
সভায় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগ-সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।
এ ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৬ সেপ্টেম্বর ২০২৫ সালে গঠিত এ-সংক্রান্ত কমিটিকে ১৪ অক্টোবর ২০২৬ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ: ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অপরাধ ও দুর্নীতি
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
গণমাধ্যম
চাকুরী
জাতীয়
ঢাকা
প্রবাসের খবর
ফেসবুক নিউজ
রাজনীতি
রাজশাহী
সর্বশেষ
সারাদেশ
জাতীয় সংসদ সচিবালয়ের ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের সুপারিশ, তৃতীয়-চতুর্থ শ্রেণিতে বিজ্ঞপ্তি নভেম্বরেঢাকা প্রতিনিধি | সংযোগ বাংলা টিভি
