ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য-সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে থানা প্রতিনিধি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্র ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশু ও লেখিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মুয়াল্লিমা তাহেরা জাহান সাকির কণ্ঠে সূরা নূরের অর্থসহ তিলাওয়াত পরিবেশন করা হয়। এরপর ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাহিত্য-সাংস্কৃতিক বিভাগীয় সম্পাদিকা তাহমিনা আক্তার সুরমা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বৈশ্বিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা এবং সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সৃজনশীল ব্যক্তিদের ভূমিকা নিয়েও বক্তব্য দেন তিনি।
পরে কণ্ঠশিল্পী ফারহানা সাদিয়ার হামদ পরিবেশনের মধ্য দিয়ে জোনভিত্তিক আট মাসের বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা শুরু হয়। বিভিন্ন জোনের দায়িত্বশীলরা পর্যায়ক্রমে তাদের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন।
প্রতিবেদন পর্যালোচনা করেন ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি জান্নাতুল কারিম সুইটি। এ সময় তিনি তৃণমূল পর্যায়ে সাহিত্য-সাংস্কৃতিক বিভাগের কার্যক্রম আরও সংগঠিত ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে রিদওয়ান শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী লুবাবার কণ্ঠে নাতে রাসূল (সা.) পরিবেশন করা হয়। এরপর সালাতুল আসরের জন্য বিরতি দেওয়া হয়।
বিরতির পর রিদওয়ান শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী তাহমিদা বিনতে জামান জারার আবৃত্তি পরিবেশিত হয়।
‘ইসলামী সংস্কৃতির বিপ্লব: বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়’ শীর্ষক বিষয়ে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাজমুন্নাহার নীলু। তাঁর বক্তব্যে সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে ইসলামী সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষ জনশক্তি তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এরপর সীরাতুন্নবী (সা.)-কে কেন্দ্র করে রিদওয়ান শিল্পী গোষ্ঠীর শিল্পীরা একটি গীতিআলেখ্য পরিবেশন করেন। এতে ইমরানা সুমাইয়া, সাইয়্যেদা নাসিমা আক্তার, হাজেরা আক্তার, ফাতেমা রেজায়ী, শাহানা হ্যাপী, সুমাইয়া তামান্না ও জান্নাতুল ফেরদৌস স্বর্ণাসহ অন্যরা অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ‘রমাদান কালচারাল কনটেন্ট’ এবং ‘দীপ্তিময় নারী জুলাই সাহিত্য প্রতিযোগিতা’-এ পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী ও লেখিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি নাজমুন্নাহার নীলু এবং বিশেষ অতিথি জান্নাতুল কারিম সুইটি ও মাহমুদা নাজনীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
শিরিন আক্তার ও হাসিনা রেহানা বিথীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সাহিত্য, আবৃত্তি, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed