নিজস্ব প্রতিবেদক | নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
পাবনা জেলা যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের কেন্দ্রীয় নেতা ও পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মনোনীত জনপ্রতিনিধি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষারের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। জেলা যুবদলের দাবি, বক্তব্যটি মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ রিশেল রানা এবং সদস্য সচিব মনির আহমেদ উক্ত বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তিটি জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আজিজুল হক লিটন স্বাক্ষরিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
সংযোগ বাংলা টিভির পক্ষ থেকে জানানো হচ্ছে, এটি পাবনা জেলা যুবদলের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত সংবাদ। সংশ্লিষ্ট বিষয়ে অন্য পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
