পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক সভা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদীর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ব্রিজ বডার্স: বাংলাদেশ ও রাশিয়ার পারমাণবিক শক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।
অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষার্থীরা পারস্পরিক সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাপন সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, সাংস্কৃতিক যোগাযোগ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার সংস্কৃতির বৈচিত্র্য এবং পারস্পরিক সম্প্রীতির বিষয়টি ফুটে ওঠে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
