মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শান্তিনগর গ্রামে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে আগুন ধরে বিস্ফোরণের ঘটনায় একটি গোয়ালঘরে থাকা তিনটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে সকালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শান্তিনগর গ্রামের দিনমজুর সমের আলীর গোয়ালঘরের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে হঠাৎ আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে গোয়ালঘরে থাকা তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা জানান, সমের আলী একজন দিনমজুর। পরিবারের জন্য গরুগুলোই ছিল তার অন্যতম প্রধান সম্পদ ও আয়ের অবলম্বন। হঠাৎ এমন দুর্ঘটনায় গরু তিনটি মারা যাওয়ায় পরিবারটি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তবে বিদ্যুৎ লাইনে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কারণ নির্ধারণে তদন্ত প্রয়োজন।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed