নিজস্ব প্রতিবেদক: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে জমানো টাকা নিয়ে গাজীপুরে ফেরার পথে নিখোঁজ হওয়ার পর ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখে টেপ লাগানো ছিল বলে জানা গেছে।
নিহত ইসমাইল হোসেন গাজীপুরের কাশিমপুর এলাকায় স্ত্রী, দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন। তিনি গাজীপুরের ডেল্টা স্পিনিং মিলে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। প্রায় নয় মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন।
পরিবারের বরাতে জানা যায়, ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে শারমীনের বিয়ের আয়োজন চলছিল। মেয়ের বিয়ের খরচ জোগাতে তিনি গ্রামের নিজের শেষ সম্বল ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন। ওই অর্থ থেকে প্রায় ২ লাখ টাকা ঋণ পরিশোধ করেন। মেয়ের বিয়ের জন্য ৫ লাখ টাকা রেখে অবশিষ্ট অর্থ দিয়ে গ্রামে একটি ছোট ঘর নির্মাণ করেন বলে পরিবারের সদস্যরা জানান।
প্রায় চার মাস আগে তিনি গ্রামে গিয়ে জমি বিক্রি ও মেয়ের বিয়ের প্রস্তুতি সম্পন্ন করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে জামালপুর থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হন ইসমাইল। পরিবারের সদস্যদের ধারণা ছিল, সকালে তিনি গাজীপুরে পৌঁছে যাবেন। তবে পথিমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর পরনে অটোরিকশাচালকদের ব্যবহৃত পোশাকের মতো নীল শার্ট ও লুঙ্গি ছিল বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহতের ছেলে হাসান। তাঁর দাবি, বাবার কাছে জমি বিক্রির ৫ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিল। তবে মরদেহ উদ্ধারের সময় ওই টাকা ও মোবাইল ফোন পাওয়া যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, ইসমাইল হোসেন কীভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পৌঁছালেন এবং তাঁর সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনের কী হয়েছে—এসব বিষয় এখন তদন্তের আওতায়। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
এদিকে, মেয়ের বিয়ের প্রস্তুতির মধ্যে পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে। শারমীনের বিয়ের আয়োজনও অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed