নিউজ মানিকগঞ্জ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পাটুরিয়া নৌ থানা পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ১ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের প্রায় ১ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা পাঁচটি বস্তা থেকে মোট ৩৪ পিস নতুন চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী ও পাটুরিয়া নৌ থানা পুলিশের সদস্যরা।
অভিযান শেষে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের নদীতীরে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকারের ফলে জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। দেশের মৎস্যসম্পদ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

You missed