জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
নিউজ সিলেট প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে আয়োজিত শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির মাধ্যমে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দায়িত্বশীলদের মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সংগঠনের দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা এবং অবৈধ উপার্জন থেকে বিরত থাকার ওপরও তিনি গুরুত্ব দেন। একই সঙ্গে মা-বাবা, স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যদের অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষার আহ্বান জানান।
সন্তানদের প্রতি কোমল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান বিপথগামী হলেও তাকে অভিশাপ না দিয়ে তার হেদায়েতের জন্য দোয়া করা উচিত। ছেলে-মেয়ের ক্ষেত্রে বৈষম্য না করার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগামী দিনের দায়িত্ব পালনের জন্য যোগ্যতা ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন করতে হবে। সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বাড়াতে হবে।
শিক্ষাশিবিরে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষাশিবিরে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগরীর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর ও মাওলানা আব্দুল মুকিতসহ অনেকে।
শিক্ষাশিবিরে সিলেট মহানগরী জামায়াতের রুকনরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরির বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
