ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের একটি সংসদীয় প্রতিনিধি দল। মঙ্গলবার স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, অর্থনৈতিক বিনিয়োগ এবং সংসদীয় কূটনীতির প্রসার নিয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি উল্লেখ করেন, ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য ফ্রান্স। দুই দেশের মধ্যে ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্পিকার বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার বিষয়টি তুলে ধরেন। তিনি মুক্তিযুদ্ধের সময় ফ্রান্সের নাগরিক আন্দ্রে মারলোর ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
অন্যদিকে, ফরাসি সংসদীয় প্রতিনিধি দল দুই দেশের সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার এবং অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাসের কূপ অনুসন্ধান ও খননের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে ফ্রান্সের সিনেটের পক্ষ থেকে স্পিকারসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য, ফরাসি দূতাবাসের কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed