ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (২ নভেম্বর ২০২৬) ডাকসুর নেতৃবৃন্দ উপাচার্যের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি দেওয়ার পর বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে তাঁদের আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হল সংসদের সহসভাপতি (ভিপি) রফিকুল ইসলাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজ, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না, অমর একুশে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) রবিউল ইসলাম, হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) আবদুল মজিদ এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মোল্লা আবিদ হাসানসহ অন্যরা।
ডাকসুর পক্ষ থেকে ৫৪তম সমাবর্তনের অতিরিক্ত ফি হ্রাস করে শিক্ষার্থীদের জন্য যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি বিবেচনার দাবি তুলে ধরেন ডাকসুর নেতৃবৃন্দ।
সমাবর্তনের ফি পুনর্নির্ধারণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিউজ: ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
