শেরপুর প্রতিনিধি:
কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুর সদরের বিভিন্ন সার ডিলার ও গুদাম পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) জেলার সার্বিক কৃষি পরিস্থিতি এবং সার সরবরাহ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি সরেজমিনে এসব ডিলার ও গুদাম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিলারদের স্টক রেজিস্টার, গুদামে থাকা সারের বর্তমান মজুত এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় নিবিড়ভাবে যাচাই করেন। একই সঙ্গে কৃষকদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সার মজুত ও যথাসময়ে সরবরাহের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে কোনোভাবেই যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, অতিরিক্ত মূল্যে সার বিক্রি না করা হয় এবং সার নিতে গিয়ে কোনো কৃষক হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
কৃষকদের স্বার্থে সার বিতরণ ও বাজার ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রমের ফলে কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।
নিউজ: শেরপুর প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
