পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‌্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের যৌথ একটি অভিযানিক দল ঢাকার মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার প্রভাত চন্দ্র দাস পাবনার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় ২০০৯ সালের ৩১ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪/১১৪ ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
র‌্যাব জানায়, আদালতের রায় ঘোষণার পর থেকে প্রভাত গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাবনার ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed