সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর একাডেমিক ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, মৎস্য খাতের অর্থনৈতিক গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বক্তব্যে তিনি দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ব্লু-ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতির বিকাশে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মৎস্যসম্পদের উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মাহফুজুল আলম মিঠুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফিশারিজ বিভাগের শিক্ষক ড. আবদুস সাত্তার, ড. মুহাম্মদ ফরহাদ আলীসহ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

You missed