যাত্রাবিরতি
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।
শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভুটানের প্রধানমন্ত্রী বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে স্বল্প সময় অবস্থান করেন এবং পরে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
যাত্রাবিরতিকালে সংক্ষিপ্ত আলাপকালে বাংলাদেশের মন্ত্রীদ্বয় ভুটানের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।
এ সময় দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে বাংলাদেশ এ অঞ্চলের জনগণের যৌথ কল্যাণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ক (SAARC) পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা কামনা করে।
আলোচনায় বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও স্মরণ করা হয়।
এ ছাড়া ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের সহযোগিতার আগ্রহের কথা জানানো হয়। বিশেষ করে প্রকল্পটিতে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed