নিজস্ব প্রতিনিধি | সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি আরবের দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।
চিঠিতে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সৌদি সরকার এবং সৌদি জনগণের প্রতি অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি মুসলিম বিশ্বের কাছে সৌদি আরবের গুরুত্ব এবং মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর সেবা ও ব্যবস্থাপনার বিষয়টি উল্লেখ করা হয়। হজ ও ওমরাহ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের সৌদি আরবের সহযোগিতা ও সেবার কথাও চিঠিতে তুলে ধরা হয়।
চিঠিতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক হিসেবে উল্লেখ করা হয়। সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখছেন বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
