ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মইতপাড়া এলাকায় শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা, মাদক ও ইভটিজিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে মইতপাড়ায় অবস্থিত ড্যাফোডিলস হাই স্কুলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শামীম হোসেন। তিনি শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা, মাদকের ক্ষতিকর প্রভাব এবং ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে অনলাইন জগতে দায়িত্বশীল ও নিরাপদ আচরণ, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, অপরিচিত বা সন্দেহজনক অনলাইন যোগাযোগের বিষয়ে সতর্ক থাকা এবং সাইবার অপরাধের শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা এবং যেকোনো ধরনের হয়রানি বা অপরাধের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি, সাইবার অপরাধ ও ইভটিজিংয়ের সামাজিক ও ব্যক্তিগত ক্ষতিকর দিক নিয়েও আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন, শাইনপুকুর তদন্তকেন্দ্রের ইনচার্জ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, তরুণ প্রজন্মকে মাদক, সাইবার অপরাধ ও ইভটিজিংয়ের মতো ঝুঁকি সম্পর্কে সচেতন করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
