ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে নেওয়া ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নদী খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের আওতায় প্রায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকায় বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে সহায়তা করবে।
দীর্ঘদিন ধরে উজানের পাহাড়ি ঢল ও বন্যার পানিতে মুহুরী নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ফেনীর বিভিন্ন এলাকায় প্লাবন ও ভাঙনের সৃষ্টি হয়। এসব সমস্যা মোকাবিলায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের সম্ভাব্য বাস্তবায়নকাল ২০৩০ সাল পর্যন্ত ধরা হয়েছে।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
