দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ
বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অপরাধ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন শনাক্তকরণ এবং সাইবার অপরাধ দমনে বাংলাদেশের পুলিশকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান, জরুরি পরিস্থিতি মোকাবিলা, সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে তথ্য বিনিময় ও যৌথ গোয়েন্দা সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় স্থান পায়।
আইজিপি মোঃ আলী হোসেন ফকির অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের দ্বিপাক্ষিক আলোচনা আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলা, আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা এবং দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ: ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
গণমাধ্যম
চাকুরী
জাতীয়
ঢাকা
তথ্যপ্রযুক্তি
প্রবাসের খবর
ফেসবুক নিউজ
সর্বশেষ
সারাদেশ
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ
