নিজস্ব প্রতিবেদক | আব্দুস শুকুর, সংযোগ বাংলা টিভি
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে প্রাইভেট কারসহ ৫০০ পিস অবৈধ ফেনসিডিল (ESkuf Cough Syrup) উদ্ধার করেছে পাবনা জেলা পুলিশ। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্মানিত রেঞ্জ ডিআইজির নির্দেশনা এবং পুলিশ সুপার, পাবনার সার্বিক তত্ত্বাবধানে ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় ফরিদপুর থানা পুলিশ গোডাউন মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫০০ পিস অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং মো. মিরাজুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

You missed