নিউজ: সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমে সফলতার দাবি করেছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। সংশ্লিষ্টদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে প্রায় ১ টাকা ৫০ পয়সা।
গত রোববার (১৬ আগস্ট) বগুড়া শহরের এরুলিয়ার বানদিঘী এলাকায় পরীক্ষামূলক প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দুটি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে প্রযুক্তিটির কার্যকারিতা প্রদর্শন করা হয়। সংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলকভাবে যন্ত্রপাতি চালাতে সক্ষম হওয়ায় প্রকল্পটি আরও বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আরডিএ সূত্রে জানা যায়, পরীক্ষামূলক সফলতার পর প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার একটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জলবায়ু ট্রাস্টে প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক জানান, ২০০৪ সাল থেকে এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু হলেও ২০১০ সালের পর গবেষণায় নতুন গতি আসে। ২০১৪ সাল থেকে প্রযুক্তিটি নিয়ে ব্যাপক গবেষণা চলছে এবং ২০২৫ সাল থেকে পরীক্ষামূলক কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালিত হচ্ছে।
গবেষণার সঙ্গে যুক্ত আরডিএর উপপরিচালক কৃষিবিদ প্রকৌশলী ড. মনিরুল ইসলাম জানান, প্রয়োজনীয় অর্থায়ন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি পাওয়া গেলে পরীক্ষামূলক ব্যবস্থাটিকে পূর্ণাঙ্গ উৎপাদন ব্যবস্থায় রূপ দেওয়া সম্ভব হবে। তখন স্বল্প খরচে উৎপাদিত বিদ্যুৎ সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার সম্ভাবনা তৈরি হবে।
সংশ্লিষ্টদের দাবি, ফ্লাইহুইল প্রযুক্তির অন্যতম সম্ভাবনা হলো এটি সূর্যালোক বা আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, একই ক্ষমতার সার্বক্ষণিক সৌরবিদ্যুৎ প্রকল্পের তুলনায় এ প্রযুক্তিতে স্থাপনা ব্যয়ও তুলনামূলক কম হতে পারে। তবে প্রযুক্তিটির বাণিজ্যিক ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে আরও পরীক্ষা, প্রযুক্তিগত যাচাই ও অর্থনৈতিক মূল্যায়ন প্রয়োজন।
পরীক্ষামূলক প্ল্যান্ট পরিদর্শন করে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা উদ্যোগটির সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বড় পরিসরে বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে ফ্লাইহুইল প্রযুক্তি দেশের বিদ্যুৎ উৎপাদনে কম খরচের একটি নতুন বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। পাশাপাশি বগুড়ার মেশিনারি শিল্পেও এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed