সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে। এ সময় ট্রাকের চালক মো. আবু বক্কর (৪৪) এবং তার সহযোগী মো. সোহাগ আলী (১৯)-এর হেফাজত থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেলা পুলিশ, সিরাজগঞ্জ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি: সিরাজগঞ্জ
সংযোগ বাংলা টিভি

You missed