গাইবান্ধা প্রতিনিধি | সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
গাইবান্ধায় প্রায় সবগুলো নদ-নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে। এর মধ্যে তিস্তা নদীর তীব্র ভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের লালচামার এলাকার শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙনের মুখে রয়েছে আরও প্রায় ২৫০ পরিবার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সেখানে পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ির তিস্তামুখ পয়েন্টে ২১ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ১৩ সেন্টিমিটার এবং করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের চকরহিমাপুর স্টেশন পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এসব নদ-নদীর পানিও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সবগুলোতেই পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) ভোর থেকে হঠাৎ তিস্তা নদী লালচামার এলাকায় তীব্র ভাঙন শুরু করে। অল্প সময়ের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা। ওই সময়েই ৮৩টি পরিবার তাদের বসতভিটা হারায় বলে জানা গেছে।
ভাঙন অব্যাহত থাকায় নতুন করে আরও বহু পরিবার ক্ষতির আশঙ্কায় রয়েছে। ভাঙনকবলিত পরিবারের অনেকে ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন। এতে পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয়রা দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
নদ-নদীর পানি বৃদ্ধির পাশাপাশি তিস্তার ভাঙন অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

You missed