উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রথমে তার প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালিয়ে পথরোধ করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।
বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম শরিফ প্রাইভেটকার চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির সামনে থেকে গুলি ছোড়ে। এতে তিনি গাড়ি থামাতে বাধ্য হলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলায় তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা আহত শরিফকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদ (জাসাস)-এর সাধারণ সম্পাদক এনামুল হক জানান, হামলায় শরিফুল ইসলাম শরিফ গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
রাজনৈতিক বিরোধের বিষয়টি আলোচনায়
দলীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম শরিফ জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।
শরিফ ওই বিদ্যালয়ের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তবে অন্য একজন সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ করে ‘কত টাকায় সভাপতির পদ বেচলেন’—এমন মন্তব্য করে স্ট্যাটাস দেন বলে জানা যায়।
এ ছাড়া শরিফসহ উপজেলা বিএনপির ছয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দেন বলেও দলীয় সূত্রে জানা গেছে। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে শরিফুল ইসলাম শরিফের ওপর হামলার সঙ্গে ওই রাজনৈতিক বিরোধের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পেছনের কোনো পূর্ববিরোধ ছিল কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজ: সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

You missed