পাবনা প্রতিনিধি: আব্দুস শুকুর
পাবনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন পাবনা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) পাবনা জেলা পুলিশের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার আবু আশ্রাফ পরিবহন খাতের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও শ্রমিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ, মহাসড়কে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ও আইনানুগ ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ সুপার।
মতবিনিময় সভায় পরিবহন খাতের বিভিন্ন বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ নিরসন এবং নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। জেলা পুলিশ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এবং পাবনা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
