নোয়াখালী জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের তথ্যমতে, আটক ১৬৩ জনের মধ্যে ২ জনকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ৯ জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। অপর ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
থানাভিত্তিক আটকের মধ্যে সুধারাম মডেল থানায় ২৮ জন, কোম্পানীগঞ্জ থানায় ৩ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৭ জন, সেনবাগ থানায় ৯ জন, চরজব্বর থানায় ৭ জন, সোনাইমুড়ী থানায় ৫ জন, হাতিয়া থানায় ৬৯ জন এবং কবিরহাট থানায় ৫ জন রয়েছেন।
পুলিশ জানায়, হাতিয়া থানায় আটক ৬৯ জনের মধ্যে ২ জনকে পূর্বের মামলায় গ্রেপ্তার, ৫ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সুধারাম মডেল থানায় আটক ২৮ জনের মধ্যে ৪ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ২৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
নোয়াখালী জেলা পুলিশ আরও জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
নিউজ নোয়াখালী প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
