ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সেনাসদস্যের নাম সজীব মোল্লা। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারের ‘স্নিগ্ধা’ ভবনের তৃতীয় তলায় নিজ কক্ষে এ ঘটনা ঘটে।
দায়িত্ব পালন শেষে সজীব নিজ কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। একপর্যায়ে সহকর্মীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে রূপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
