বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাণিজ্য, অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭২ সালে ইতালি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্কের সূচনা হয়। তিনি বলেন, বাংলাদেশের অভিবাসীদের জন্য ইতালি সহযোগিতামূলক ভূমিকা রেখে আসছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের রপ্তানি পণ্যের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও আইনসম্মত অভিবাসনের ক্ষেত্রে ইতালির সহযোগিতার কথা উল্লেখ করে স্পিকার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও পুনর্বাসনের ক্ষেত্রেও ইতালি বাংলাদেশকে আর্থিক সহায়তা দিয়ে আসছে।
এ সময় বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম, ইতালির মেশিনারি ও যন্ত্রপাতিসহ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন স্পিকার। তিনি ভবিষ্যতে বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন।
ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশ ইতালির দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতালির সরকারের সমর্থনের কথা উল্লেখ করে তিনি দুই দেশের সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধি দলগুলোর সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিকসহ বিভিন্ন পণ্য প্রতি বছর ইতালিতে রপ্তানি হয়ে থাকে।
বৈঠকে দুই পক্ষ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, চলমান রোহিঙ্গা সংকটের সমাধান এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং কূপ খননের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সম্ভাব্য তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে ইতালির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে আগ্রহী হওয়ার আহ্বান জানান স্পিকার।
সাক্ষাৎকালে ইতালির দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed