নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা, দমন-পীড়ন ও সংকটের মধ্যেও তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি।
বিশেষ করে বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তাঁর সাহসী ও দৃঢ় নেতৃত্বের কথা উল্লেখ করে বলা হয়, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান বিএনপির ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও তাঁর ভূমিকা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে। তাঁর আদর্শ, সততা, প্রজ্ঞা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
শোকবার্তার শেষে মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
