পাবনা-রাজবাড়ী-মানিকগঞ্জকে সংযুক্ত করে ওয়াই (Y) আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে আগামী বছরের সেপ্টেম্বরে সমীক্ষা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে সমীক্ষা শেষ হওয়ার পর সেতু দুটির সম্ভাব্য অবস্থান, নকশা এবং নির্মাণব্যয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দ্বিতীয় পদ্মা সেতুর ক্ষেত্রে ওয়াই আকৃতির সংযোগব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ ধরনের সেতু নির্মিত হলে পাবনা, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের অঞ্চলের মধ্যে যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধা বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের আলোচনায় উঠে আসে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ হতে পারে। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনাও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে ব্যারেজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনাও আলোচনায় আসে।
এ ছাড়া বড় অবকাঠামো প্রকল্পগুলো বাস্তবায়নে অর্থায়নের উৎস, জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
তবে এসব প্রকল্পের চূড়ান্ত নকশা, অবস্থান, ব্যয় ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণে সমীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed