ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আয়োজিত মানববন্ধনে গুলির ঘটনা ঘটেছে। এতে ইকরাম মোল্লা নামে এক ব্যক্তি ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠান।
রোববার (৯ আগস্ট) ত্বহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও মানববন্ধনকারীদের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার দুই শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু মন্তব্যের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে কয়েকজন সেখানে এসে ব্যানার সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির সৃষ্টি হয় বলে আয়োজকরা দাবি করেন।
একপর্যায়ে পরপর দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়। মানববন্ধনকারীদের দাবি, এর মধ্যে একটি গুলি ফাঁকা এবং অপর গুলিতে ইকরাম মোল্লা আহত হন। তবে গুলি ছোড়ার সঙ্গে কারা জড়িত—তা এখনো তদন্তাধীন।
ঘটনার পর ইকরাম মোল্লাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বক্তা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এদিকে, ত্বহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু বলেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এবং একটি মহল তাকে বিতাড়িত করার চেষ্টা করছে। তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হিসেবে যাদের নাম এসেছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাদের পক্ষের বক্তব্য এই প্রতিবেদনে যুক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে গুলির খোসা উদ্ধার করে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা পেয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
