নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সবুজ ওরফে কালাই সবুজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ থানার এসআই মোহাম্মদ রৌশন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের ডেমরা থানাধীন মুসলিমনগর এলাকায়, কুয়েতি মসজিদ সংলগ্ন নাহার ভিলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়।
পুলিশের দাবি, অভিযানের সময় গ্রেপ্তারকৃত সবুজ ওরফে কালাই সবুজের ভাড়া বাসার শয়নকক্ষ তল্লাশি করে ইংরেজিতে “WALTHER” লেখা একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা, ২টি জিআর ওয়ারেন্ট (নরমাল) এবং ১টি জিআর সাজা যাবজ্জীবন ওয়ারেন্ট রয়েছে বলে তাদের নথিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে মামলার অভিযোগ ও পুলিশের দেওয়া তথ্য আদালতে বিচারাধীন; অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed