শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ০৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের উদ্যোগে নেওয়া এই নিরাপত্তাব্যবস্থার আওতায় পূজামণ্ডপগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী অঞ্চলসহ খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত সাত দিন রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটগুলো দায়িত্ব পালন করছে। এ জন্য রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্প থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৃহীত এ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে পূজারীদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সহায়তা করা এবং উৎসবের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার প্রত্যাশা করা হচ্ছে।
নিউজ: কুষ্টিয়া প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed