নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গবাদিপশু চুরির ঘটনার প্রায় আট ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জের তাড়াশ থেকে চুরি যাওয়া দুটি গরু ও একটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে হাবিল ব্যাপারী শরিফ (৩১) এবং খুটিগাছা গ্রামের আয়নাল হকের ছেলে মাহবুব হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের কৃষক শুকুর আলীর দুটি গরু চুরি হয়। গরু দুটির আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। একই রাতে তাঁর প্রতিবেশী বাবর আলী মন্ডলের প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি মহিষও চুরি যায়।
ঘটনার পর ভুক্তভোগীরা বিষয়টি বড়াইগ্রাম থানায় জানালে পুলিশ গবাদিপশুগুলো উদ্ধারে অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধবপুর এলাকায় অভিযান চালায় বড়াইগ্রাম থানা পুলিশ।
অভিযানে শরিফের বাড়ি থেকে চুরি যাওয়া দুটি গরু ও একটি মহিষ জব্দ করা হয়। একই সঙ্গে হাবিল ব্যাপারী শরিফ ও মাহবুব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গবাদিপশু চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তার দুজনকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চুরি যাওয়ার অল্প সময়ের মধ্যেই গবাদিপশুগুলো উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
নিউজ: নাটোর প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed