পাবনা প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর ২০২৬
পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলা পুলিশের শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সকাল ৮টায় পাবনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা প্যারেডে অংশ নেন।
প্যারেড শেষে পুলিশ সুপার আবু আশ্রাফ জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সাদিক আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল, পাবনা)।
এরপর সকাল ১০টায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব অনুমোদনের পর বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা আরও জোরদার করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, তদন্তকেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় আগস্ট মাসে ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ কর্মকর্তা ও শ্রেষ্ঠ থানার কর্মকর্তা-ফোর্সদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও পারস্পরিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed