সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
কক্সবাজারে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
৩৪ বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত কার্যক্রমে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসির নেতৃত্বে দুইজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সীমান্তবর্তী এলাকার প্রায় ৩৩০ জন অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা গ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে রেশনসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালকের ‘সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
৩৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণে বিজিবি সবসময় পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিউজ কক্সবাজার প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed