পাবনায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশ লাইন্স, পাবনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (ডিআইজি) সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
প্রধান অতিথি ও ডিআইজি পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এর মধ্য দিয়ে জলাশয়ে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে একটি ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়।
পরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পুলিশ লাইন্স কম্পাউন্ডে প্রধান অতিথি মিসেস শামীম আরা হক ও ডিআইজি মো. আশিক সাঈদ পৃথকভাবে দুটি গাছের চারা রোপণ করেন।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে পাবনার পুলিশ সুপার, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবনার সভানেত্রী ও সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
